হরমুজ প্রণালি দিয়ে তেল নিয়ে যাওয়ার সময় ইরানের স্থাপন করা নৌ মাইনের সঙ্গে ধাক্কা লেগে তেলবাহী দুটি সুপার ট্যাংকারে আগুন লেগেছে। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড শনিবার (১৭ অক্টোবর) এ তথ্য জানিয়েছে।
তারা বলেছে, ট্যাংকারগুলো ইরানের অনুমোদনহীন সামুদ্রিক অঞ্চল দিয়ে চলছিল। ওই সময় এগুলো মাইনের সঙ্গে ধাক্কা খায়।
যদিও পশ্চিমা ও আরব দেশগুলো দাবি করে থাকে ইরানি বাহিনী সরাসরি এসব জাহাজে হামলা চালাচ্ছে।
দ্বিতীয় ট্যাংকারটি আগুনে দাউ দাউ করে জ্বলছে উল্লেখ করে বিপ্লবী গার্ড এক বিবৃতিতে বলেছে, “এই সুপার ট্যাংকারটিতেও ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ছিল। ট্যাংকারটি তার নেভিগেশন এবং রাডার বন্ধ করে অবৈধ রুট দিয়ে যাওয়ার চেষ্টা করছিল। ওই সময় মাইনের সঙ্গে ধাক্কা লাগার পর ট্যাংকারটির ইঞ্জিন রুমে বিশাল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে করে ট্যাংকারটি ঝলসে যায়।”
এরআগে গতকাল শুক্রবার বিপ্লবী গার্ড দুটি ট্যাংকারে হামলার তথ্য দিয়েছিল। এরপর আজ সকালে তারা একটি সুপার ট্যাংকারে আগুন লাগার কথা জানায়। এর কয়েক ঘণ্টার মধ্যে দ্বিতীয় সুপার ট্যাংকার ক্ষতিগ্রস্থ হয় বলে জানিয়েছে ইরানের সেনাবাহিনীর সবচেয়ে চৌকস ইউনিটটি।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল। এরপর থেকেই হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইরান। এরমধ্যে ইরানের বন্দরগুলোতে নৌ-অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে হরমুজ প্রণালি পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়ে। মাঝে যদিও যুক্তরাষ্ট্রের সহায়তায় উপসাগরীয় আরব দেশগুলোর থেকে তেল নিয়ে কিছু ট্যাংকার হরমুজ থেকে বেরিয়ে এসেছে। কিন্তু গত কয়েকদিন ধরে সেখানে জাহাজ চলাচলে আবারও বাধা দিচ্ছে বিপ্লবী গার্ড।
সূত্র: আলজাজিরা