সৌদি আরবের উপকূলে হামলার শিকার হয়েছে একটি ট্যাংকার জাহাজ। ছোট নৌকায় করে হামলাকারীরা ট্যাংকারটির কাছে আসে। এরপর তারা রকেট-প্রোপেলড গ্রেনেড (আরপিজি) দিয়ে জাহাজে রকেট ছোড়ে।
যুক্তরাজ্যভিত্তিক সামুদ্রিক নিরাপত্তাবিষয়ক সংস্থা ইউকেএমটিও আজ শনিবার (১৭ অক্টোবর) জানিয়েছে, সৌদি আরবের উত্তরপূর্বাঞ্চলীয় জুবাইলের ৭৩ নটিক্যাল মাইল দূরে গতকাল শুক্রবার এ হামলাটি হয়। এ সময় ট্যাংকারটির এফট পোর্ট অংশে রকেটটি আঘাত হানে।
তবে হামলায় কোনো ক্রু আহত বা নিহত হননি এবং সবার খোঁজ পাওয়া গেছে।
জাহাজটি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এটির প্রভাবে পরিবেশগত কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সেটি এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছে ইউকেএমটিও।
হুথিদের ‘অস্ত্র চোরাচালান’ অপারেশনে সৌদি জোটের হামলা
লোহিত সাগরের তীরবর্তী ইয়েমেনি বন্দরশহর হোদেইদায় ইরানের মদতপুষ্ট হুথি বিদ্রোহীদের অস্ত্র-চোরাচালান অপারেশনে হামলা করেছে সৌদি-ইয়েমেন প্রতিরক্ষা জোট। গত কাল ১৬ অক্টোবর শুক্রবার ঘটেছে এ ঘটনা।
জোটের পক্ষ থেকে হামলার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। প্রায় ছয় মিনিটের এই সাদা-কালো ভিডিওটির শুরুতে তারিখ ও স্থানের উল্লেখ রয়েছে। এতে দেখা গেছে—ট্রাক, ছোট নৌকা এবং সম্ভবত গুদাম হিসেবে ব্যবহৃত স্থাপনাগুলোর ওপর বিমান হামলা চালানো হচ্ছে।
শনিবার মধ্যরাতের কিছু আগে সৌদি সেনা কর্মকর্তা এবং সৌদি-ইয়েমেন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি তার এক্স অ্যাকাউন্টে এই ফুটেজটি প্রকাশ করেন। তবে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু কী ছিল, কী ধরনের অস্ত্র চোরাচালান করা হচ্ছিল কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ কত—সেসব ব্যাপারে জোটের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।
সূত্র: আলজাজিরা