দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানার হিন্দি উচ্চারণ নিয়ে সমালোচনার জবাব দিতে গিয়ে তাকে ‘তামিল অভিনেত্রী’ বলে উল্লেখ করেছিলেন বর্ষীয়ান গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার। কিন্তু রাশমিকা কন্নড়ভাষী—নেটিজেনদের এমন সংশোধনের মুখে পড়ে নিজের ভুল স্বীকার করতে হয়েছে তাকে। রাশমিকার পাশে দাঁড়াতে গিয়ে তাই নিজের মন্তব্য নিয়েই নতুন আলোচনায় জড়িয়েছেন এই গীতিকার।
রাশমিকার হিন্দি উচ্চারণ নিয়ে যারা কটাক্ষ করছেন, তাদের উদ্দেশে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেন জাভেদ। সেখানে তিনি লেখেন, ‘যাদের তামিল অভিনেত্রী রাশমিকার উচ্চারণ নিয়ে সমস্যা রয়েছে, তাদেরকে কয়েকটি তামিল বাক্য দেওয়া হোক। এরপর দেখা যাক, তারা কতটা ভালো তামিল বলতে পারেন। তামিল বিশ্বের প্রাচীনতম কথ্য ভাষাগুলোর একটি। অন্যের ভাষাগত দক্ষতা নিয়ে এভাবে ভিত্তিহীন শ্রেষ্ঠত্বের মনোভাব দেখানো মেনে নেওয়া যায় না।’
জাভেদের বক্তব্যের সঙ্গে একমত হলেও কয়েকজন ব্যবহারকারী তাকে জানান, রাশমিকা তামিল অভিনেত্রী নন। তার জন্ম ও বেড়ে ওঠা কর্ণাটকের কোডাগুতে। তিনি কন্নড়ভাষী। কিন্তু তেলুগু সিনেমার মাধ্যমেই তার পরিচিতি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
একজন লিখেছেন, আপনার উদ্দেশ্য ভালো, ‘কিন্তু অভিনেত্রীর মাতৃভাষা সম্পর্কে আপনার ধারণা সঠিক নয়। তবে আপনার মূল বক্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। সেটাই আসল কথা।’
জবাবে নিজের ভুল স্বীকার করে জাভেদ লেখেন, ‘আমি ভুল স্বীকার করছি।’
কন্নড়, তেলুগু, তামিল ও হিন্দি—বিভিন্ন ভাষার সিনেমায় অভিনয় করেছেন রাশমিকা। তবে তার হিন্দি উচ্চারণ নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনা নতুন নয়। সম্প্রতি করণ জোহরের অনুষ্ঠানে স্বামী বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে হাজির হওয়ার পরও তার হিন্দি উচ্চারণ নিয়ে কটাক্ষ করেন নেটিজেনদের একাংশ। সেই সমালোচনার জবাব দিতেই রাশমিকার পাশে দাঁড়িয়েছিলেন জাভেদ আখতার।