করিন্থিয়ান্সের বিপক্ষে রোববারের গুরুত্বপূর্ণ ডার্বির আগে সান্তোস তারকা নেইমার প্রথম দলের অনুশীলনে যোগ দিতে পারেননি। ফ্লুর উপসর্গ নিয়ে বিশ্রামে ছিলেন তিনি। পূর্বসতর্কতা হিসেবে তাকে বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু ক্লাব আশাবাদী, নিও কুইমিকা এরেনার ম্যাচের আগে তাদের অধিনায়ক সুস্থ হয়ে যাবেন।
আনুষ্ঠানিক এক বিবৃতি দিয়ে সান্তোস তাদের প্রধান খেলোয়াড়ের অনুশীলনে না থাকার কারণ জানিয়েছে। তারা লিখেছে, ‘আমাদের খেলোয়াড় নেইমার জুনিয়রের ফ্লুর মতো উপসর্গ দেখা দিয়েছে। স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে শুক্রবারের অনুশীলন সেশন থেকে বিশ্রাম দেওয়া হয়েছিল তাকে।’ শনিবারের অনুশীলনে নেইমার ফিরবেন বলে বিভিন্ন প্রতিবেদন জানিয়েছে। তারপরই তাকে ডার্বি দলে রাখার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
চলতি মৌসুমে দলের আক্রমণভাবে বড় ধরনের প্রভাব রেখেছেন নেইমার। ২৪ ম্যাচে ৯ গোল ও আট অ্যাসিস্ট। তাকে ছাড়া কোপা দো ব্রাসিলে পালমেইরাসের কাছে ৩-০ গোলে হেরেছিল সান্তোস। কাম্পেওনাতো ব্রাসিলেইরো রেলিগেশন জোন থেকে নিরাপদ দূরত্বে থাকতে করিন্থিয়ান্সের মাঠে ইতিবাচক ফল পেতে হবে তাদের। এই ডার্বির পর কোপা দো ব্রাসিলের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে পালমেইরাসের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে নামবে দলটি।