পুনরায় ফিফা সভাপতি হিসেবে জিয়ান্নি ইনফান্তিনোকে সমর্থনের ঘোষণা দিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। বিশ্বকাপ স্বত্ব বিক্রির পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর উয়েফা, কনকাকাফ এবং এএফসি-ও নেতারা ইনফান্তিনোর তীব্র সমালোচনা করেছিল।
এসন পরিস্থিতিতে ফুটবলের শীর্ষ সংস্থা থেকে তার পদত্যাগের পাশাপাশি অনেক ফুটবল অ্যাসোসিয়েশন তার ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছিল।সমালোচনা মধ্যেই নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে জাপানে যান ফিফা সভাপতি। টোকিওতে অনুষ্ঠিত এএফসি-র এক সভায় ৫৬ বছর বয়সী এই সুইস নাগরিক উপস্থিত ছিলেন। সভায় এএফসি সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল-খলিফা তাকে সমর্থন জানান।
এএফসি সভাপতি শেখ সালমান জানান, আমি মনে করি ফিফা সভাপতি হিসেবে নতুন ম্যান্ডেট পাওয়ার প্রচেষ্টায় আমরা আপনাকে এবং আপনার নেতৃত্বকে পূর্ণ সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি। তিনি আরও বলেন, আপনি এশিয়ার অনেক দেশ সফর করেছেন। এই মহাদেশের অনেক সদস্যের সঙ্গে আমার কথা হয়েছে। আমি আপনার মনোভাব বুঝি এবং আপনার প্রতিশ্রুতিও স্পষ্ট। জিয়ান্নির প্রতি আপনাদের সমর্থন অত্যন্ত পরিষ্কার।
অতীতের মতপার্থক্যের দিকে ইঙ্গিত করে শেখ সালমান এএফসি-র বিশেষ কংগ্রেসে ইনফান্তিনোকে উদ্দেশ্য করে বলেন, জিয়ান্নি, হ্যাঁ, অতীতে আমাদের মধ্যে কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। তবে আসুন সেই বিষয়গুলোর সঙ্গে বর্তমান পরিস্থিতিকে গুলিয়ে না ফেলি। আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমরা যখন একসঙ্গে কাজ করি, তখনই ফুটবল সবচেয়ে শক্তিশালী অবস্থানে থাকে।
২০১৬ সাল থেকে ফিফার নেতৃত্ব দেওয়া ইনফান্তিনো গত সপ্তাহে সেই ব্যর্থ পরিকল্পনার জন্য ক্ষমা চেয়েছিলেন। তিনি আগামী মার্চ মাসে অনুষ্ঠিতব্য নির্বাচনে পুনর্নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইউরোপসহ বিভিন্ন প্রান্ত থেকে তীব্র সমালোচনা সত্ত্বেও, এখন পর্যন্ত তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কোনো শক্তিশালী প্রার্থী এগিয়ে আসেননি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্কসহ বিভিন্ন বিতর্কের কারণে ইউরোপের অনেক শীর্ষস্থানীয় জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশন ইনফান্তিনোর ওপর থেকে তাদের সমর্থন প্রত্যাহার করে নিয়েছে।