কেন্দ্রীয় কারাগার থেকে মেডিকেল টেস্টের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়েছিল সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে আবার কেন্দ্রীয় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল তাকে কেন্দ্রীয় কারাগার থেকে ঢামেক হাসপাতালে নিয়ে আসে। পরে প্রয়োজনীয় মেডিকেল চেকআপ ও প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে দুপুর সোয়া ১২টার দিকে পুলিশি পাহারায় তাকে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে ডিবি পুলিশের ইন্সপেক্টর নাসির উদ্দিন সরকার জানান, সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনিকে প্রাথমিক মেডিকেল পরীক্ষার জন্য ঢামেক হাসপাতালে আনা হয়েছিল। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে আবার কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।