মাহাবুব তালুকদার, শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের ভেদরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) বিকেলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহরের তিরিঙ্গির মোড় থেকে বর্ণাঢ্য র্যালিটি শুরু হয়। পরে দলীয় স্লোগানে মুখরিত র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে গিয়ে শেষ হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি উজ্জল ভূইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামাল হোসেন রাড়ীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা শ্রমিকদলের সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাজী এমএ কাইয়ুম চুন্নু মুন্সী।
বিশেষ অতিথি ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মুজাম্মেল হোসেন মাদবর, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল হাসেম ঢালী, বিএম মোস্তফা, আক্তার হোসেন রাড়ী, পৌর বিএনপির আহ্বায়ক সায়েদ হাওলাদার, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবু সায়েম খান, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ফারুক তালুকদার এবং পৌর যুবদলের সভাপতি এসকান্দার ছৈয়াল।
এ সময় বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি আগামী দিনের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচিতে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তারা।