ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহাল প্রথম-শ্রেণীর ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তবে আন্তর্জাতিক ক্রিকেট চালিয় যাবেন এই ক্রিকেটার। শুক্রবার (২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তিনি এ ঘোষণা দেন।
দীর্ঘদিন ধরে ভারতীয় দলের বাইরে থাকা যুজবেন্দ্র চাহালের আর দলে ফেরার সম্ভাবনা কম। কারণ বর্তমানে স্পিনারদের বিশাল সম্ভার ও মানসম্পন্ন বিকল্প রয়েছে, তাতে তার জায়গা পাওয়া কঠিন। চাহাল কাউন্টি ক্রিকেটে নর্দাম্পটনশায়ারের হয়ে খেলেছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি তার প্রথম রেড-বল ম্যাচ খেলার স্মৃতি এবং এই খেলার প্রতি তার ভালোবাসার কথা তুলে ধরেছেন।
রেড-বল ক্রিকেট খেলার সুবাদেই তিনি ধৈর্য এবং প্রতিটি উইকেটের জন্য ঘণ্টার পর ঘণ্টা লড়াই করার আনন্দ সম্পর্কে জেনেছেন। তিনি বলেন, আমার হাতে ধরা প্রথম ক্রিকেট বলটি ছিল একটি লাল বল। তখন আমার বয়স ছিল ১০ বছর। আমি তখন জানতাম না এই খেলার প্রেমে আমি কতটা গভীরভাবে জড়িয়ে পড়ব। আমার কাছে রেড-বল ক্রিকেট কখনোই কেবল আরেকটি ফরম্যাট ছিল না। এখানেই আমি ধৈর্য, চরিত্র, মানসিক দৃঢ়তা এবং ঘণ্টার পর ঘণ্টা মাঠে থেকে প্রতিটি রান ও উইকেটের জন্য লড়াই করার প্রকৃত আনন্দ খুঁজে পেয়েছি।
ইউজি চাহাল কাউন্টি ক্রিকেটে খেলা তার শেষ ম্যাচটির কথা স্মরণ করেছেন। ম্যাচটি লন্ডনের বিখ্যাত লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছিল। তবে ৪০টিরও বেশি প্রথম-শ্রেণীর ম্যাচ খেলা সত্ত্বেও তিনি কখনোই ভারতের টেস্ট দলের হয়ে খেলার সুযোগ পাননি। বিষয়টি তার জন্য বেশ আবেগঘন। অবশ্য এখানেই তার সবকিছুর সমাপ্তি নয়। তিনি ওয়ান-ডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা চালিয়ে যাবেন এবং আবারও জাতীয় দলে ফেরার চেষ্টা করবেন।
যুজবেন্দ্র চাহাল বলেছেন, লর্ডসে আমি আমার শেষ প্রথম-শ্রেণীর ম্যাচটি খেলেছিলাম। এই কথাগুলো বলাটা আমার জন্য আবেগঘন এক মুহূর্ত, কারণ টেস্ট ক্যাপ পাওয়াটা ছিল আমার দীর্ঘদিনের লালিত স্বপ্ন। হয়তো সেই স্বপ্ন পূরণ হয়নি, তবে এই ফরম্যাটে আমার পথচলা, তা নিয়ে আমি সত্যিই সন্তুষ্ট এবং প্রতিটি সুযোগের জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ।লাল বলের ক্রিকেট আমাকে জীবনের অন্যতম সেরা কিছু স্মৃতি উপহার দিয়েছে, যা আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না।
ঘরোয়া ক্রিকেটকে বিদায় বলে দিলেও, জাতীয় দলের হয়ে যুজবেন্দ্র চাহাল ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে আবারও সুযোগ পাওয়ার জন্য সর্বস্ব উজাড় করে দেবেন বলে জানিয়েছেন।