যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান সংঘাত শুধু একটি দেশের বিরুদ্ধে যুদ্ধ নয়, বরং এটি পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করেছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আজ তেহরানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বাঘাই বলেন, ‘যুক্তরাষ্ট্রের এই যুদ্ধ শুধু ইরানের বিরুদ্ধে নয়, এটি পুরো অঞ্চল এবং এখানকার সব দেশের নিরাপত্তার বিরুদ্ধে।’
তিনি বলেন, গত পাঁচ মাসে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি এবং পারস্য উপসাগরের দক্ষিণ তীরবর্তী দেশগুলোর ভূখণ্ড ও সামরিক স্থাপনা ব্যবহারের কারণে আঞ্চলিক অস্থিতিশীলতা আরও বেড়েছে।
বাঘাই আরও বলেন, ‘এই পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়া ঠেকাতে আঞ্চলিক দেশগুলো নিজেদের উদ্যোগ নেওয়ার চেষ্টা করছে, এটাই স্বাভাবিক।’
এর আগে হরমুজ প্রণালী বন্ধ থাকার বিষয়েও বক্তব্য দেন ইরানের এই কর্মকর্তা। তিনি জানান, ইরান ও ওমানের মধ্যে কোনো মতবিরোধের কারণে হরমুজ প্রণালী বন্ধ হয়নি।
বাঘাই বলেন, হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে একটি নির্দিষ্ট রুট নিয়ে সমঝোতা প্রয়োজন। তবে শুধু এ ধরনের সমঝোতা প্রণালী পুনরায় চালুর জন্য যথেষ্ট নয়।
তিনি দাবি করেন, গত বছরের মার্চে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপের কারণেই এই অঞ্চলে সংকট তৈরি হয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, হরমুজ প্রণালী দিয়ে সাময়িকভাবে নিরাপদ নৌ চলাচলের ব্যবস্থা করতে ওমানের সঙ্গে আলোচনা চলছে। গত ৭ থেকে ৮ দিন ধরে চলা আলোচনায় কিছু অগ্রগতিও হয়েছে বলে জানান তিনি।
সূত্র: আল জাজিরা