বয়স ৬৫। তবু ফুটবলের নেশা কমেনি একটুও। শুধু খেলতেই নামেননি, নিজেই নিজের নাম তুলে দিয়েছেন একাদশে। এরপর পেনাল্টি থেকে করেছেন গোলও। সুরিনামের সাবেক ভাইস প্রেসিডেন্ট ও ক্লাব ইন্টার মোয়েনগোটাপোর মালিক রনি ব্রুনসউইক এমন কাণ্ড ঘটিয়ে আলোচনায় এসেছেন।
শনিবার পলিসি ভুয়েটবল ভ্রেন্ডেনের বিপক্ষে তার দলের ৫-০ গোলের জয়ে পেনাল্টি থেকে গোল করেন তিনি। সুরিনামের শীর্ষ ফুটবল লিগে এটিই তার প্রথম গোল।
ম্যাচে আগে থেকেই ৪-০ গোলে এগিয়ে ছিল ইন্টার মোয়েনগোটাপো। দ্বিতীয়ার্ধে পেনাল্টি পায় দলটি। রেফারি স্পট কিকের নির্দেশ দিতেই বলের জন্য এগিয়ে যান ব্রুনসউইক। ক্লাবের মালিক ও সাবেক কোচের এমন আগ্রহ দেখে সতীর্থরাও অবাক হওয়ার কথা! শেষ পর্যন্ত ১২ গজ দূরত্ব থেকে শট নিয়ে বল জালে পাঠান তিনি। প্রতিপক্ষ গোলরক্ষকও তার শট ঠেকানোর তেমন চেষ্টা করেননি। গোলের পর দুই হাত তুলে উদ্যাপন করেন ৬৫ বছর বয়সী এই ফুটবলার।
সুরিনামের সাবেক এই রাজনীতিক ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত দেশটির ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তবে তার রাজনৈতিক জীবনের মতো ব্যক্তিগত অতীতও বেশ বিতর্কিত। ১৯৯৯ সালে মাদক পাচারের অভিযোগে নেদারল্যান্ডসের একটি আদালত তাকে অনুপস্থিতি আট বছরের কারাদণ্ড দেন। নেদারল্যান্ডস ও সুরিনামের মধ্যে প্রত্যর্পণ চুক্তি না থাকায় সেই সাজা ভোগ করতে হয়নি তাকে।
রাজনীতির পাশাপাশি ফুটবলেও দীর্ঘদিন ধরে সক্রিয় ব্রুনসউইক। ২০২১ সালে ৬০ বছর বয়সে কনকাকাফ লিগে হন্ডুরাসের ক্লাব সিডি অলিম্পিয়ার বিপক্ষে মাঠে নেমেছিলেন তিনি। সেবার তার দল ৬-০ গোলে হেরেছিল। ম্যাচ শেষে প্রতিপক্ষের ড্রেসিংরুমে খেলোয়াড়দের অর্থ বিতরণের ভিডিও ছড়িয়ে পড়লে তদন্তে নামে কনকাকাফ। পরে দুই ক্লাবকেই টুর্নামেন্ট থেকে বহিষ্কার করা হয়। ব্রুনসউইককে দেওয়া হয় তিন বছরের নিষেধাজ্ঞা।
মাঠের পারফরম্যান্সে দারুণ শুরু করেছে ইন্টার মোয়েনগোটাপো। লিগের প্রথম তিন ম্যাচেই অপরাজিত রয়েছে ১১ বারের চ্যাম্পিয়নরা। শনিবারের বড় জয়ে শীর্ষস্থানও মজবুত রেখেছে তারা।