আফগানিস্তানে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির সব ধরনের এফএম রেডিও সম্প্রচার স্থগিত করেছে দেশটির তালেবান কর্তৃপক্ষ। বারবার নীতিমালা লঙ্ঘনের অভিযোগ তুলে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
তবে ঠিক কী ধরনের লঙ্ঘন ঘটেছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিশদ কোনো ব্যাখ্যা দেয়নি তালেবান সরকার। অন্যদিকে, উদ্ভূত এই সংকট নিরসনে আফগান কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে নিশ্চিত করেছে বিবিসি।
আফগান তালেবান সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের মুখপাত্র খুবাইব ঘুফরান জানিয়েছেন, বিবিসির পক্ষ থেকে বারবার কিছু নিয়ম ও নীতিমালা অমান্য করা হয়েছে। এই ‘পুনরাবৃত্তিমূলক লঙ্ঘনের’ কারণেই সাময়িকভাবে আফগানিস্তানে ব্রিটিশ এই সংবাদমাধ্যমের সকল কার্যক্রম ও সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ঘটনার পর এক বিবৃতিতে বিবিসির একজন মুখপাত্র গভীর উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, সত্য ও নির্ভুল খবরের জন্য আফগানিস্তানের কোটি কোটি মানুষ প্রতিদিন বিবিসির খবরের ওপর নির্ভর করে থাকেন। এই সংকট কাটিয়ে উঠে দ্রুত আফগান জনগণের কাছে সংবাদ পরিষেবা পুনরায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে তারা তালেবান কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছেন।
উল্লেখ্য, ২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতায় আসার পর থেকেই তালেবান সরকার স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর ওপর বেশ কিছু নতুন নিয়মকানুন আরোপ করেছে। সেই ধারাবাহিকতায় বিবিসির এই এফএম রেডিও সম্প্রচার বন্ধের ঘটনাটি দেশটির মুক্ত গণমাধ্যম ও আন্তর্জাতিক সংবাদ প্রবাহের ক্ষেত্রে একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। পরিস্থিতি কবে নাগাদ স্বাভাবিক হবে কিংবা আবার কখন সম্প্রচার শুরু হবে, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো বার্তা মেলেনি।
সূত্র: রয়টার্স