নবায়নযোগ্য জ্বালানি, অফশোর অনুসন্ধান ও সবুজ বিনিয়োগে নরওয়ের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ। বিদ্যুৎ খাতের স্বচ্ছতা, প্রকৃত চাহিদা নিরূপণ ও সিস্টেম লস কমাতে পাওয়ার অডিটিংয়েও নরওয়ের কারিগরি ও আর্থিক সহযোগিতা চেয়েছে সরকার।
বৃহস্পতিবার সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্র্যান্ডসেনের সৌজন্য সাক্ষাতে এসব বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে নবায়নযোগ্য জ্বালানি, অফশোর অনুসন্ধান ও সবুজ বিনিয়োগে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার এবং বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি রোডম্যাপ বাস্তবায়নে প্রযুক্তি, দক্ষতা ও অর্থায়নে সহযোগিতার বিষয়টি উঠে আসে।
মন্ত্রী বিদ্যুৎ খাতের স্বচ্ছতা ও সিস্টেম লস কমাতে পাওয়ার অডিটিংয়ে নরওয়ের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি অফশোর বিডিংয়ে নরওয়ের কোম্পানির অংশগ্রহণ, সৌরবিদ্যুতে বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর ও কারিগরি প্রশিক্ষণ নিয়েও আলোচনা হয়।
ইকবাল হাসান মাহমুদ বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে নরওয়েজীয় বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরিতে সরকারের অঙ্গীকার রয়েছে। নবায়নযোগ্য জ্বালানি ও জ্বালানি নিরাপত্তায় নরডিক দেশগুলোর আরও অংশগ্রহণকে বাংলাদেশ স্বাগত জানায়।
রাষ্ট্রদূত বাংলাদেশে বাণিজ্য, বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা বাড়াতে নরওয়ের আগ্রহের কথা জানান। বিশেষ করে অফশোর নবায়নযোগ্য জ্বালানি ও সবুজ প্রযুক্তিতে সম্পর্ক আরও গভীর করার আগ্রহ প্রকাশ করেন তিনি।
সাক্ষাৎকালে নরওয়ের দূতাবাস ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।