নেপালে আটকে পড়া নয়জন বাংলাদেশি ট্রেকারকে উদ্ধার করে কাঠমান্ডুতে আনা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।
দূতাবাস জানায়, নেপালের গোর্খার চুম্নুব্রির জগত থেকে মানাসলু বেস ক্যাম্পে যাওয়ার পথে বুধি গণ্ডকী নদীতে আকস্মিক বন্যার কারণে আটকা পড়া ৯ জন বাংলাদেশি ট্রেকারকে সময়মতো উদ্ধার ও নিরাপদে সরিয়ে আনা হয়েছে। এজন্য বাংলাদেশ দূতাবাস নেপাল সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে।
দূতাবাস আরও জানায়, আজ বিকেলে ট্রেকারদের নিরাপদে কাঠমান্ডুতে নিয়ে আসা সম্ভব হয়েছে। নেপাল সরকার এবং তাদের নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করার কাজে জড়িত সবার দ্রুত সাড়া প্রদান, মানবিক সহায়তা এবং সমন্বিত প্রচেষ্টার আমরা গভীর প্রশংসা করি।