শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় বাড়িঘর ছাড়ার হুমকি, হামলা, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ তুলে নিজের ও ছয় বছর বয়সী মেয়ের নিরাপত্তা চেয়ে পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন করেছেন রুজিনা বেগম (৩৫) নামে এক নারী। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে শরীয়তপুরের পুলিশ সুপারের বরাবর লিখিত অভিযোগ করেছেন ওই নারী।
অভিযোগসূত্রে জানাগেছে, কয়েক মাস ধরে নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের মশুরা গ্রামের নান্নু মিজি (৫০) এবং ফতেজঙ্গপুর ইউনিয়নের সাতপাড় গ্রামের সবুজ খালাসী (৫০) কয়েকজন লোকজন নিয়ে রুজিনা বেগমকে তাদের বাড়িতে গিয়ে বিভিন্ন সময় বাড়ি ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে আসছেন। একই সঙ্গে তাকে ও তার পরিবারের সদস্যদের অপহরণ, হত্যা ও গুমের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
লিখিত অভিযোগে রুজিনা বেগম আরও উল্লেখ করেন, গত ২৬ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে নান্নু মিজি ও সবুজ খালাসীসহ ৭-৮ জন তাদের বাড়িতে গিয়ে তার দুই ভাই সাগর ও মামুনকে মারধর করেন। এ সময় তিনি প্রতিবাদ করতে গেলে তাকেও মারধর ও শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ করেন।
রুজিনার অভিযোগ, হামলার একপর্যায়ে তাকে বাড়ি ছেড়ে দেওয়ার জন্য হুমকি দেওয়া হয়। বাড়ি না ছাড়লে তাকে ধর্ষণ এবং তার ছয় বছর বয়সী মেয়ে রোজাকে তুলে নিয়ে গিয়ে ‘খারাপ কাজে’ ব্যবহার করার হুমকি দেওয়া হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
এ ঘটনায় আতঙ্কিত হয়ে মেয়ের স্কুলে যাওয়া বন্ধ করে তাকে নিরাপত্তার জন্য দূরের এক আত্মীয়ের বাড়িতে রাখা হয়েছে বলে আবেদনে উল্লেখ করেছেন রুজিনা।
রুজিনা বেগমের দাবি, এ ঘটনায় তার ভাই সাগর তালুকদার বাদী হয়ে নড়িয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তবে অভিযোগ দেওয়ার পরও তারা কাঙ্ক্ষিত প্রতিকার পাননি বলে দাবি করেন তিনি।
বর্তমানে তিনি, তার মেয়ে ও পরিবারের অন্য সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে পুলিশ সুপারের কাছে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া এবং তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার আবেদন জানিয়েছেন রুজিনা বেগম।
এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত নান্নু মিজি বলেন, আমার নামে অভিযোগ দিলে আমি কি করুম। নিউজটা বন্ধ করেন। আপনার সাথে কালকে দেখা করবো।
এ ব্যাপারে নড়িয়া থানার ওসি আনোয়ার হোসেন বলেন, ওনারা (ভুক্তভোগীরা) আসুক। আসলেরআমি দেখে বলতে পারবো।
মন্তব্য করুন