হরমুজ প্রণালিতে ‘অননুমোদিত’ পথে চলাচলের চেষ্টার সময় পানিতে পেতে রাখা বোমার (মাইন) বিস্ফোরণে দুটি তেলের ট্যাংকারে আগুন ধরেছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এ তথ্য নিশ্চিত করেছে।
ইরানের আধাসরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, আইআরজিসি জানিয়েছে, একটি ট্যাংকার হরমুজ প্রণালির পূর্ব অংশে এবং অন্যটি প্রণালির ভেতরেই আটকা পড়েছে।
আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, এই দুটি ট্যাংকার তাদের সব নেভিগেশন ও শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ করে দিয়েছিল এবং আক্রমণাত্মক ও সন্ত্রাসী মার্কিন সামরিক বাহিনীর সহায়তায় ওই এলাকা থেকে বের হওয়ার চেষ্টা করছিল। এ সময় মাইনের আঘাতে ট্যাংকার দুটিতে আগুন ধরে যায় এবং সেখানেই সেগুলো আটকে পড়ে।
আইআরজিসি আরও জানিয়েছে, এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথটি এখনো বন্ধ রয়েছে। যুক্তরাষ্ট্রের কাছে উত্থাপন করা সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত এই অবস্থার কোনো পরিবর্তন হবে না।
বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, অননুমোদিত ও মাইনযুক্ত এলাকা দিয়ে তেলের ট্যাংকার পার করার জন্য মার্কিন সামরিক বাহিনীর যেকোনো জোরজবরদস্তিমূলক চেষ্টা শুধু বারবার লজ্জাজনক ব্যর্থতা বয়ে আনবে।