Jahirul Hasan
প্রকাশ : Oct 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইসরায়েলে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না কেউ, এখন কে হবেন প্রধানমন্ত্রী

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, এক্সিট পোল বা ভোট-পরবর্তী জরিপ অনুযায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কিংবা তার প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোট কারও পক্ষেই সরকার গঠন করা সম্ভব হচ্ছে না। ১২০ আসনবিশিষ্ট পার্লামেন্ট ‘নেসেট’-এ সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন যেটা কোনো দলই অর্জন করতে পারেনি।

ইসরায়েলের প্রধান তিনটি টেলিভিশন চ্যানেল ১১, ১২ ও ১৩ এর জরিপ অনুযায়ী, নেতানিয়াহুর জোট ৫১ থেকে ৫২টি আসন পেতে পারে। বিদায়ী পার্লামেন্টে তিনি যে জোটের নেতৃত্ব দিয়েছিলেন, তাতে ৬৮টি আসন ছিল। সেই তুলনায় এবার তার আসন সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে। তবে তার দল ‘লিকুদ’ একক বৃহত্তম দল হিসেবে টিকে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল টুয়েলভের বরাতে আল জাজিরার খবরে জানা যায়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থী জোট ৫২টি আসনে জিতেছে। আর সাবেক সেনাপ্রধান ও ইয়াশার নেতা গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট ৪৯টিতে জিতেছে। আরব লিস্ট জিতেছে ১৯টি আসনে।

এ অবস্থায় নেসেটে কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারছে না। ফলাফল হিসেবে ইসরায়েলে পরবর্তী সরকার গঠনের লক্ষ্যে কয়েক সপ্তাহ বা কয়েক মাস ধরে রাজনৈতিক দর-কষাকষির পথ উন্মুক্ত হতে পারে। 

তবে ইসরায়েলি রাজনীতি মূলত জোট গঠনের ওপরই নির্ভরশীল। সবচেয়ে বড় দল হওয়াটা এখানে মুখ্য নয় আর নেতানিয়াহুর ক্ষমতায় টিকে থাকার পথ এখন অস্পষ্ট।

বিরোধী শিবিরের জন্যও সরকার গঠনের পথটি বেশ জটিল। নেতানিয়াহু-বিরোধী দলগুলো ভোটের ক্ষেত্রে সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। বুথফেরত জরিপ অনুযায়ী তারা ৬৮ থেকে ৭০টি আসন অর্জন করেছে। তবে তারা ডানপন্থী, বামপন্থী ও মধ্যপন্থী-এমনকি ইহুদি ও আরব দলগুলোর মধ্যে বিভক্ত হয়ে আছে।

আইজেনকোটের ‘ইয়াশার’ দলটি বিরোধী বৃহত্তম দল। তবে ক্ষমতায় যেতে হলে তাদের আরব দলগুলোর সঙ্গে সহযোগিতা করতে হবে। এমন পরিস্থিতিতে বিরোধী দলের সব নেতা সেটা মেনে নিতে প্রস্তুত নন। তবে, এক্সিট পোল কেবল একটি ধাপ মাত্র। তাই ভোট গণনার সঙ্গে সঙ্গে পরিস্থিতির পরিবর্তন হতে পারে। চূড়ান্ত ফলাফল আসতে কয়েক দিন সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইসরায়েলে বসবাসরত ফিলিস্তিনি রাজনৈতিক বিশ্লেষক ও গবেষক এহাব জাবারিন বলেন, বুথফেরত জরিপগুলোয় নেতানিয়াহুর জোটের ‘স্পষ্ট দুর্বলতা’ উঠে এসেছে। তিনি সতর্ক করে বলেন, ‘নেতানিয়াহু চূড়ান্ত বিজয়ী হয়েছেন কিংবা তার রাজনৈতিক জীবনের ইতি ঘটেছে-কোনোটা বলার সময় এখনও আসেনি।’

এহাব জাবারিন আরও বলেন, ‘একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় যদি কোনো পক্ষই সরকার গঠন করতে না পারে, তবে আলোচনা চলাকালে নেতানিয়াহু তত্ত্বাবধায়ক সরকারপ্রধান হিসেবে ক্ষমতায় থেকে যেতে পারেন।’

যেহেতু এক্সিট পোলগুলোতে নেতানিয়াহু ও আইজেনকোট উভয়ই সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়ছেন তাই উভয় নেতাই তাদের সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন। তারা ভোট গণনার রাতটিকে নিজেদের অনুকূলে তুলে ধরার এবং বিজয়ের একটি আখ্যান তৈরির চেষ্টা করেছেন।

ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণার পর, নির্বাচনি প্রক্রিয়ার পরবর্তী ধাপটি ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের হাতে চলে যাবে। জেরুজালেমে ধারাবাহিক বৈঠকের মাধ্যমে হারজোগ পরামর্শ গ্রহণের একটি প্রক্রিয়া শুরু করবেন, যেখানে প্রতিটি নির্বাচিত দল প্রধানমন্ত্রী হিসেবে তাদের পছন্দের প্রার্থীর নাম প্রস্তাব করবে।

এই সুপারিশগুলোর ভিত্তিতে, প্রেসিডেন্ট একজন প্রার্থীকে সরকার গঠনের দায়িত্ব দেবেন। এই প্রার্থী যে সবসময় বৃহত্তম দলের নেতাই হবেন-তা কিন্তু নয়; বরং প্রেসিডেন্টের বিবেচনায় যিনি ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা অর্জনে সবচেয়ে সক্ষম বলে মনে হবেন, তাকেই তিনি এই দায়িত্ব দেবেন।

সুতরাং ইসরায়েলের নির্বাচনে জয়লাভ মানে কেবল ভোট বা আসন পাওয়া নয়, বরং একটি কার্যকর জোট গঠন করা এবং তা টিকিয়ে রাখাও এর অন্তর্ভুক্ত।

সূত্র: সিএনএন, আল জাজিরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাইকা প্রতিনিধিদলের সঙ্গে সমাজকল্যাণ মন্ত্রীর সাক্ষাৎ

1

৩ অক্টোবর শুরু এনসিএল, কবে কোথায় কখন খেলা

2

তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্ত

3

সেনা পাহারায় আল-আকসায় ইসরায়েলিদের ঢল

4

বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি

5

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে মালদ্বীপে পররাষ্ট্রমন্ত্রী

6

প্রবাসী‌দের জন্য বি‌শেষ ট্রাইব্যুনাল কর‌ছে সরকার : আইনমন্ত্র

7

বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে :

8

হরমুজ প্রণালিতে ১৯ জাহাজে আইআরজিসির হামলা

9

যান্ত্রিক ত্রুটিতে মুখ্যমন্ত্রী শুভেন্দুর হেলিকপ্টারের জরুরি

10

মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধ

11

কুবি ছাত্রশিবিরের আয়োজনে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলান প্রোগ্র

12

নারী সংকটে চীন, বিয়ে করতে গিয়ে প্রতারণার ফাঁদে পুরুষ

13

জন্মদিনে সালমান শাহকে স্মরণ, ‘মিথ্যা অপবাদ’ না ছড়ানোর আহ্বান

14

অবসরের সিদ্ধান্ত নিয়েছেন মেসি, প্রস্তুতি নিচ্ছে এএফএ

15

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

16

দক্ষিণ কোরিয়ার ফুটবল অ্যাসোসিয়েশনে পুলিশের অভিযান

17

ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

18

৭৬ মিনিট পিছিয়ে থাকার পর ১৪ মিনিটে ৪ গোল, মন্ত্র জানালেন জিদ

19

কেপ ভার্দের দায়িত্ব ছাড়ছেন বুবিস্তা, নতুন ঠিকানা মরক্কো

20