কলকাতায় তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের দেওয়া শর্ত লঙ্ঘনের অভিযোগে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করেছে কলকাতা পুলিশ।
শনিবার কলকাতা পুলিশের হেস্টিংস থানায় স্বতঃপ্রণোদিতভাবে এফআইআরটি করা হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি টিএমসিপির ওই সভার আয়োজকদের বিরুদ্ধেও মামলা করা হয়েছে বলে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।
তিনি বলেন, আদালতের আদেশের শর্ত লঙ্ঘনের অভিযোগে এফআইআর করা হয়েছে। তদন্তের সময় এই লঙ্ঘনের সঙ্গে জড়িত সবার ভূমিকা খতিয়ে দেখা হবে।
শুক্রবার মধ্য কলকাতার ক্যাথেড্রাল রোডে টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের সভা অনুষ্ঠিত হয়। ওই সভা আয়োজনের ক্ষেত্রে কলকাতা হাইকোর্ট যেসব শর্ত দিয়েছিল, সেগুলো পর্যালোচনার পরই মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।