লিওনেল মেসির বাঁ পায়ের জাদুতে মুগ্ধ হ্যারি কেইন। আর্জেন্টাইন মহাতারকার এই বিশেষ দক্ষতা নিজের মধ্যে থাকলে প্রতিপক্ষের জন্য তাকে থামানো কঠিন হয়ে পড়ত বলে মনে করেন ইংল্যান্ডের অধিনায়ক।
২০২৬ সালের ব্যালন ডি’অর জয়ের পর 'ফুটবল'কে দেওয়া সাক্ষাৎকারে কেইনকে প্রশ্ন করা হয়েছিল, অন্য কোনো ব্যালন ডি’অরজয়ী ফুটবলারের কোন দক্ষতাটি তিনি নিজের খেলায় যুক্ত করতে চাইবেন। উত্তরে মেসির বাঁ পায়ের কথা বলেন বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার। হাসতে হাসতে কেইন বলেন, ‘আজ যদি মেসির বাঁ পা আমার থাকত, তাহলে মনে হয় আমাকে থামানো খুব কঠিন হতো।’
নিজের খেলার ধরন নিয়েও কথা বলেছেন কেইন। মেসির মতো একের পর এক প্রতিপক্ষকে কাটিয়ে গোল করার খেলোয়াড় তিনি নন, তবে বিভিন্ন উপায়ে প্রতিপক্ষের ক্ষতি করতে পারেন বলে মনে করেন। তার ভাষায়, ‘আমি জানি, গোল করার আগে ১০ জন খেলোয়াড়কে কাটিয়ে যাওয়ার মতো ফুটবলার আমি নই। তবে বিভিন্নভাবে প্রতিপক্ষকে বিপদে ফেলতে পারি।’
কেইন আরও বলেছেন, ক্যারিয়ারের এই পর্যায়ে নিজেকে সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড় মনে হচ্ছে তার। শারীরিক ও মানসিকভাবে মাঠে নিজের সেরা অবস্থায় আছেন বলেও জানিয়েছেন তিনি।
২০২৬ সালের ব্যালন ডি’অর জয়ের পথে দুর্দান্ত মৌসুম কাটিয়েছেন কেইন। ৬৫ ম্যাচে করেছেন ৭৩ গোল। নিজের ক্যারিয়ারের সেরা মৌসুম হিসেবে এটিকেই উল্লেখ করেছেন ইংলিশ স্ট্রাইকার।