সৌদি আরবের রাজধানী রিয়াদে মিসাইল ছুড়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ শনিবার (১০ অক্টোবর) স্থানীয় সময় দুপুর ৩টার দিকে মিসাইলটি সরাসরি আঘাত হানে। এতে কয়েক ডজনের বেশি মানুষ আহত হয়েছেন। যার মধ্যে গুরুতর আহত হয়ে আইসিইউতে আছেন সৌদির পাঁচ নাগরিক।
সৌদির একটি কূটনৈতিক সূত্র বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, “হুথিরা বেসামরিক অবকাঠামোতে হামলা চালাচ্ছে। রিয়াদ বিমানবন্দর একটি বেসামরিক স্থাপনা।”
রিয়াদের হাসপাতালের একটি সূত্র গুরুতর পাঁচজনকে আইসিইউতে চিকিৎসা দেওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, কয়েক ডজনের বেশি মানুষ আহত হয়েছেন, যারমধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। যারা আহত হয়েছেন তাদের বেশিরভাগ সৌদির নাগরিক। আর যে পাঁচজন আইসিইউতে আছেন তাদের সবাই সৌদির।
সূত্রটি এএফপিকে বলেছেন, “হুথিদের মিসাইল হামলায় কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। যাদের বেশিরভাগ সৌদির মানুষ। অন্তত পাঁচজন আইসিইউতে আছেন যারা সবাই সৌদির নাগরিক। আহতদের হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে আসা হয়।”
এরআগে ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পরই রিয়াদে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। ধারণা করা হচ্ছে, হুথিরাই এ হামলা চালিয়েছে।
গত এক সপ্তাহে রিয়াদ বিমানবন্দরে অন্তত চারবার হামলা হয়েছে। এরমধ্যে গত বৃহস্পতিবার এক পাইলটসহ তিন সৌদির নাগরিক নিহত হন।
হুথিরা ওইদিন বিমানবন্দরের অবকাঠামোর পাশপাশি সৌদিয়া এয়ারলাইন্সের একটি বিমানকেও টার্গেট করে। এতে ওই পাইলটের মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।
প্রায় দুই মাস ধরে হুথি বিদ্রোহী এবং সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটছে। হুথিরা এক্ষেত্রে রিয়াদ বিমানবন্দরকে সবচেয়ে বড় টার্গেটে পরিণত করেছে। তারা সতর্কতা দিয়েছে, যদি কোনো বিমানসংস্থা সৌদির আকাশ দিয়ে বিমান চালায় তাহলে কঠোর পরিণতি ভোগ করতে হবে।
সূত্র: এএফপি