Jahirul Hasan
প্রকাশ : Oct 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

গুপ্তচরবৃত্তির অভিযোগে রুশ হেফাজতে জাপানি সাংবাদিক

 গুপ্তচরবৃত্তির অভিযোগে জাপানের এক সাংবাদিককে গ্রেফতার করেছে রাশিয়া। 
মস্কোর প্রতিরক্ষা সক্ষমতাসংক্রান্ত তথ্য জাপানের জন্য সংগ্রহের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। 

এ ঘটনায় দুই দেশের মধ্যে দীর্ঘদিনের ভূখণ্ডগত বিরোধের পাশাপাশি কূটনৈতিক উত্তেজনাও আরও বাড়তে পারে।
গ্রেফতারকৃত সাংবাদিকের নাম ইউকি ইমাই। তিনি জাপানের সংবাদমাধ্যম হোক্কাইডো শিমবুনে কর্মরত। রাশিয়ার দূরপ্রাচ্যের সাখালিন অঞ্চলে তাকে গ্রেফতার করা হয়।

রাশিয়া ছাড়ার নির্ধারিত সময়ের একদিন আগে তাকে গ্রেফতার করা হয়। পরে বিমানে করে মস্কো নেওয়া হলে আদালত তাকে বিচার-পূর্ব আটক রাখার নির্দেশ দেন বলে রুশ সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।

জাপান সরকার জানিয়েছে, ইমাইকে গ্রেফতারের বিষয়ে তারা এখনও বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা করছে। তার সঙ্গে যোগাযোগও করতে পারেনি টোকিও।

রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে, ইমাই জাপানের জাতীয় গোয়েন্দা সংস্থার নির্দেশে কাজ করছিলেন বলে অভিযোগ করেছে রুশ কর্তৃপক্ষ। কুরিল দ্বীপপুঞ্জে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানে সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পর্কে তথ্য সংগ্রহের অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে।

রাশিয়ার নিরাপত্তা সংস্থা এফএসবি একটি ভিডিও প্রকাশ করেছে। এতে কালো পোশাক পরা মুখোশধারী তিন ব্যক্তিকে হোটেলের একটি কক্ষে ঢুকে এক ব্যক্তিকে হাতকড়া পরাতে দেখা যায়। পরে তাকে বিমানে তোলা এবং মস্কোর একটি আদালতে খাঁচার মতো ঘেরাটোপের মধ্যে দাঁড় করানোর দৃশ্যও রয়েছে। তবে ভিডিওতে তাকে ঠিক কবে আটক করা হয়েছে বা আদালতে শুনানি কখন হয়েছে, তা জানানো হয়নি।

রুশ সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, ইমাইকে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত বিচার-পূর্ব আটক রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রাশিয়ায় গুপ্তচরবৃত্তির দায়ে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড হতে পারে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, রাশিয়ায় বিদেশি সাংবাদিক হিসেবে কর্মরত প্রতিনিধিদের ব্যবহার করে দেশের নিরাপত্তা ক্ষুণ্ন করার উদ্দেশ্যে তথ্য সংগ্রহের টোকিওর প্রচেষ্টা দুঃখজনক। এ ধরনের ঘটনা বিচ্ছিন্ন নয় বলেও মন্তব্য করেন তিনি। তবে একই ধরনের কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ রয়েছে- এমন অন্য কোনও সাংবাদিক বা সংবাদমাধ্যমের নাম উল্লেখ করেননি জাখারোভা।

জাপানের মন্ত্রিপরিষদ সচিব মিনোরু কিহারা এক সংবাদ সম্মেলনে বলেন, গ্রেফতারের ঘোষণা দেওয়ার আগে তার সরকার এ বিষয়ে কিছু জানত না। রিপোর্ট লেখা পর্যন্ত ওই সাংবাদিকের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

ইমাইয়ের প্রকাশিত প্রতিবেদনগুলোতে রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার সম্পর্ক এবং সাখালিন অঞ্চলের মানুষের জীবনযাত্রার বিষয় উঠে এসেছে। তার সংবাদমাধ্যম হোক্কাইডো শিমবুন গ্রেফতারের বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করলেও সাংবাদিকের নাম উল্লেখ করেনি। বিবিসির প্রশ্নের জবাবে সংবাদমাধ্যমটি জানায়, তারা এখনও ঘটনার বিস্তারিত যাচাই করছে এবং সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের প্রধান অগ্রাধিকার।

কুরিল দ্বীপপুঞ্জ নিয়ে দীর্ঘদিনের বিরোধ
জাপান ও রাশিয়ার মধ্যে কুরিল দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে কয়েক দশক ধরে বিরোধ চলছে। জাপানের উত্তরাঞ্চলীয় হোক্কাইডো ও রাশিয়ার কামচাটকা উপদ্বীপের মধ্যবর্তী এ দ্বীপপুঞ্জ রাশিয়ার নিয়ন্ত্রণে থাকলেও এর দক্ষিণের চারটি দ্বীপের মালিকানা দাবি করে জাপান। টোকিও দ্বীপগুলোকে ‘নর্দার্ন টেরিটরিজ’ বলে অভিহিত করে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে দুই দেশের মধ্যে শান্তিচুক্তি না হওয়ার অন্যতম প্রধান কারণ এই বিরোধ।

গত আগস্টে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিতর্কিত দ্বীপগুলো সফর করলে উত্তেজনা আরও বাড়ে। জাপানের প্রধানমন্ত্রী সানা তাকাইচি সফরটির তীব্র সমালোচনা করে বলেন, এটি জাপানের জনগণের অনুভূতিতে আঘাত করেছে এবং নর্দার্ন টেরিটরিজ নিয়ে টোকিওর ধারাবাহিক অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক। মস্কো তার বক্তব্যকে ‘রাজনৈতিকভাবে অনুপযুক্ত’ ও ‘আইনগতভাবে ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করে।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর জাপান মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। এতে দুই দেশের সম্পর্ক আরও শীতল হয়ে পড়ে। গত সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জাপানি প্রেসিডেন্ট তোমোকো আকানেকে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েও মস্কো টোকিওর অসন্তোষ বাড়িয়েছে। ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর ২০২৩ সাল থেকে আকানে ও আইসিসির কয়েকজন কর্মকর্তা রাশিয়ার ওয়ান্টেড তালিকায় রয়েছেন।

রাশিয়ায় বিদেশি সাংবাদিক আটকের ঘটনা অবশ্য নতুন নয়। ২০২৩ সালে গুপ্তচরবৃত্তির অভিযোগে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর মার্কিন সাংবাদিক ইভান গারশকোভিচকে আটক করে রাশিয়া। পরে তাকে ১৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ২০২৪ সালে স্নায়ুযুদ্ধ-পরবর্তী সময়ের বৃহত্তম বন্দিবিনিময়ের অংশ হিসেবে তিনি মুক্তি পান।

এছাড়া ২০১৯ সালে ভ্লাদিভস্তকে সামরিক গোপন তথ্য সংগ্রহের সন্দেহে জাপানের কিয়োদো নিউজের এক সাংবাদিককে আটক করে রাশিয়া। পরে তাকে ৭২ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এবার ইউকি ইমাইয়ের গ্রেফতার দুই দেশের মধ্যকার বিদ্যমান উত্তেজনাপূর্ণ সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে।

 সূত্র: বিবিসি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শতবর্ষের রেকর্ড ভাঙল দক্ষিণ কোরিয়ার তাপমাত্রা

1

সেপ্টেম্বরে আরও ৩ লাখ নতুন সেনা নিয়োগ করছেন পুতিন

2

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল ভুবন ভোলানো হাসিতে মন জয় করা স

3

‘ষড়যন্ত্র তত্ত্ব’ উড়িয়ে দিলেন আর্জেন্টাইন তারকা, ভবিষ্যত নিয়

4

মোদির ক্ষমা প্রার্থনা ও অমিত শাহের পদত্যাগসহ ৫ দাবি রাহুল গা

5

ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ-আজারবাইজান

6

বাংলাদেশ-ভারতের গণতান্ত্রিক ইস্যু থাকবে, আলোচনার মাধ্যমে সমা

7

হুতির হামলা: সৌদির পাশে থাকার অঙ্গীকার এরদোয়ানের

8

টানা দুই হারে সিরিজ খোয়ালো বাংলাদেশের মেয়েরা

9

বন্ধ কারখানা চালু ও বিনিয়োগ আকর্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্র

10

বিরোধী দল কমিটিতে না এলে বিতর্কের সুযোগ থাকবে : স্বরাষ্ট্রমন

11

১২ বছরে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার

12

মুসলমানদের মতো অন্য ধর্মাবলম্বীরাও আমার পরিবারের সদস্য: হুইপ

13

যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পূরণ না করলে হরমুজ বন্ধই থাকবে: গাল

14

জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে ১৮তম সংশোধনী হবে ঐতিহাসিক

15

জাপানে শক্তিশালী ভূমিকম্প: নিহত বেড়ে ৩৮

16

পশ্চিমবঙ্গ সরকারে মন্ত্রীর সমমর্যাদার পদ পেলেন মিঠুন চক্রবর্

17

সবার জন্য নিরাপদ আবাসন সময়ের দাবি : প্রধানমন্ত্রী

18

দেশে কেউ কেউ অহেতুক ইস্যুতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ

19

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হ

20