Jahirul Hasan
প্রকাশ : Sep 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

সৌদি পাইপলাইনে হামলায় ব্যবহৃত ড্রোন প্ল্যাটফর্ম জব্দ করলো ইরাক

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে ড্রোন হামলার ঘটনায় ব্যবহৃত একটি উৎক্ষেপণ প্ল্যাটফর্ম জব্দ করেছে ইরাকের নিরাপত্তা বাহিনী।
ইরাকি কর্তৃপক্ষ জানিয়েছে, গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থার সমন্বিত অভিযানের মাধ্যমে হামলায় ব্যবহৃত সরঞ্জামটির অবস্থান শনাক্ত করা হয়।

শনিবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরাকি নিউজ এজেন্সি (আইএনএ) প্রকাশিত এক বিবৃতিতে দেশটির সিকিউরিটি মিডিয়া সেলের প্রধান লেফটেন্যান্ট জেনারেল সাদ মান এ তথ্য জানান।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ড্রোন উৎক্ষেপণের সরঞ্জামটি শনাক্ত ও জব্দ করা হয়েছে।

তবে হামলার সঙ্গে কারা জড়িত, তা রিপোর্ট লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

সাদ মান জানান, হামলার পেছনে থাকা ব্যক্তিদের শনাক্ত করতে ফরেনসিক ও কারিগরি বিশেষজ্ঞরা তদন্ত চালিয়ে যাচ্ছেন। ইরাকের প্রধানমন্ত্রীর অনুমোদনের পর ইরানের একটি অনুরোধও গ্রহণ করা হয়েছে। তদন্তে অংশ নেওয়া এবং তদন্তের ফলাফল পর্যালোচনার সুযোগ ইরানকে দেওয়া হয়েছে বলে তিনি জানান।

সৌদি কর্তৃপক্ষের সঙ্গেও বাগদাদ সরাসরি যোগাযোগ রাখছে বলে জানান সাদ মান। হামলা-সংক্রান্ত গোয়েন্দা তথ্য সৌদি আরবের সঙ্গে বিনিময় করা হচ্ছে।

ইরাকের নিরাপত্তা নীতির ব্যাখ্যা দিতে গিয়ে সাদ মান বলেন, দেশটি ‘প্রতিরোধমূলক সার্বভৌমত্বের’ নীতি অনুসরণ করছে। এর অর্থ শুধু ইরাকি ভূখণ্ডে হামলা ঠেকানো নয়; বরং ইরাকের মাটিকে অন্য কোনও দেশের বিরুদ্ধে হামলার ঘাঁটি হিসেবেও ব্যবহার করতে না দেওয়া। একই সঙ্গে ইরাককে কোনও ধরনের প্রক্সি যুদ্ধে জড়িয়ে পড়া থেকেও বিরত রাখার কথা বলেন তিনি।

সৌদি তেল পাইপলাইনে ড্রোন হামলা
বৃহস্পতিবার ইরাক থেকে উৎক্ষেপিত কয়েকটি ড্রোন সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে হামলা চালায়। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় রিয়াদ ও মদিনা অঞ্চলে পাইপলাইনটি ক্ষতিগ্রস্ত হয় এবং কয়েকজন আহত হন।

বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ এই পাইপলাইনটি সৌদি আরবের পূর্বাঞ্চল থেকে পশ্চিমাঞ্চলের লোহিত সাগর উপকূল পর্যন্ত তেল পরিবহন করে। এর মাধ্যমে সৌদি আরব হরমুজ প্রণালি এড়িয়ে আন্তর্জাতিক বাজারে তেল পাঠাতে পারে। পাইপলাইনটি বৈশ্বিক তেল সরবরাহের আনুমানিক ৪ থেকে ৫ শতাংশ পরিবহনে সক্ষম।

হামলার পর সম্ভাব্য ঝুঁকি এড়াতে পাইপলাইনটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেয় সৌদি আরব। এর ফলে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

তবে হামলার তাৎক্ষণিক প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত থেকে বিরত রয়েছে সৌদি আরব। বাগদাদের অনুরোধের পরিপ্রেক্ষিতেই আপাতত সরাসরি পাল্টা হামলা না চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে।

উৎক্ষেপণস্থল মায়সানে
সৌদি কর্তৃপক্ষের তদন্তে ড্রোনগুলোর উৎক্ষেপণস্থল হিসেবে ইরাকের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মায়সান প্রদেশের নাম উঠে এসেছে। ইরানের সীমান্তবর্তী এই অঞ্চলে দীর্ঘদিন ধরেই ইরান-সমর্থিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতি রয়েছে।

আল-জাজিরার প্রতিবেদক মোহাম্মদ রাম্মাল জানিয়েছেন, ইরাকি কর্তৃপক্ষ মায়সান প্রদেশের উত্তর-পূর্বাঞ্চলের আল-তাইয়েব সীমান্ত জেলা, শিব সীমান্ত পারাপার এলাকার কাছাকাছি অঞ্চলকে সম্ভাব্য উৎক্ষেপণস্থল হিসেবে চিহ্নিত করেছে। এলাকাটি আমারা শহরের পূর্বদিকে অবস্থিত এবং এর মধ্যে দুওয়াইরিজ নদী ও তাইয়েব দ্বীপও রয়েছে।

রাম্মালের মতে, উৎক্ষেপণস্থল থেকে হামলার লক্ষ্যস্থলগুলোর দূরত্ব বিবেচনায় ঘটনাটি সাধারণ বা স্বল্পপাল্লার ‘ট্যাকটিক্যাল ড্রোন’ দিয়ে চালানো হয়েছে—এমনটা মনে হওয়ার কারণ কম। মদিনা থেকে ওই এলাকাগুলোর দূরত্ব প্রায় ১ হাজার ১০০ কিলোমিটার এবং রিয়াদ থেকে প্রায় ৮০০ কিলোমিটার। ফলে হামলায় দীর্ঘপাল্লার ও তুলনামূলক উন্নত প্রযুক্তির ড্রোন ব্যবহার করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সীমান্তে নিরাপত্তা জোরদার
হামলার পর ইরাকি নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলো জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করেছে। শনিবার দেশটির সেনাবাহিনীর মুখপাত্র সাবাহ আল-নুমান জানান, হামলার সঙ্গে জড়িত প্রত্যেককে গ্রেফতার করতে নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে।

এদিকে ইরাক সাময়িকভাবে ইরান সীমান্তের কয়েকটি গুরুত্বপূর্ণ সীমান্তপথ বন্ধ করে দেয়। এর মধ্যে শালামচেহ, চাজাবেহ ও মান্দালি সীমান্তপথ রয়েছে। নিরাপত্তা তল্লাশি ও পরিদর্শনের জন্য এসব সীমান্তপথ বন্ধ করা হলেও পরে মানবিক ও জরুরি চলাচলের জন্য আংশিকভাবে আবার খুলে দেওয়া হয়।

হামলার পর ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জায়েদি সীমান্তবর্তী বিভিন্ন অঞ্চলের সামরিক কমান্ডারদের মধ্যেও রদবদল করেছেন। এর আওতায় মায়সান প্রদেশের নিরাপত্তা কাঠামোতেও পরিবর্তন আনা হয়েছে।

আল-জাজিরার প্রতিবেদক সামের আল-কুবাইসি জানিয়েছেন, মায়সান প্রদেশের অপারেশনস কমান্ডার এবং প্রাদেশিক পুলিশপ্রধানসহ কয়েকজন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাকে তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রদেশটির একাধিক নিরাপত্তা কমান্ডারের বিরুদ্ধে হামলার ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

সরাসরি সংঘাত এড়িয়ে রাজনৈতিক সমাধানের চেষ্টা
রাজনৈতিক বিশ্লেষক সালিম জাখুরের মতে, সৌদি আরব হামলার পর সরাসরি সামরিক উত্তেজনা বাড়ানোর পথে না গিয়ে ইরাক সরকারের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

তিনি বলেন, সৌদি আরবের জন্য সাম্প্রতিক পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে উঠেছে। একদিকে ইরাক থেকে উৎক্ষেপিত ড্রোন সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল অবকাঠামোয় হামলা চালিয়েছে, অন্যদিকে ইয়েমেনের হুতিদের অগ্রসর হওয়ার ঘটনাও সৌদি আরবের জন্য নতুন নিরাপত্তা উদ্বেগ তৈরি করছে।

বিশেষ করে বাব আল-মানদেব প্রণালির দিকে হুতিদের অগ্রসর হওয়া এবং একই সময়ে সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে হামলা—দুই ঘটনাকে আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।

জাখুরের ভাষায়, এসব পরিস্থিতি সৌদি আরবকে বড় ধরনের প্রতিরক্ষামূলক অবস্থানে ঠেলে দিয়েছে। ভবিষ্যতে এ ধরনের হামলা ঠেকাতে রিয়াদকে ‘বাস্তব ও কার্যকর প্রতিরোধমূলক পদক্ষেপ’ নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

হামলার তদন্তে ইরানকে যুক্ত করার ইরাকি সিদ্ধান্তও তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ, হামলার সম্ভাব্য উৎক্ষেপণস্থল হিসেবে চিহ্নিত মায়সান ইরান সীমান্তবর্তী এলাকা এবং সেখানে ইরানঘনিষ্ঠ সশস্ত্র গোষ্ঠীগুলোর দীর্ঘদিনের উপস্থিতি রয়েছে। ফলে তদন্তের ফলাফল আঞ্চলিক নিরাপত্তা ও ইরাক-ইরান সম্পর্কের পাশাপাশি সৌদি আরবের সঙ্গে বাগদাদের সম্পর্কের ওপরও প্রভাব ফেলতে পারে।

 সূত্র: আল-জাজিরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা, জাতিসংঘে ইরানের আনুষ্ঠানিক অ

1

গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: এল

2

একাদশে ভর্তিতে আসন সংকট হবে না, ফাঁকা থাকবে কয়েক লাখ

3

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধ

4

অভিনেত্রী বাঁধনের ওপর হামলায় জড়িতদের আমরা ছাড়বো না : তথ্য উপ

5

ইরানের ভয়ে গোপনে বিমান পাল্টানোর কথা স্বীকার করলেন ট্রাম্প

6

বেরোবি’র শহীদ মুখতার ইলাহী হলে আধুনিক রিডিং রুমের উদ্বোধন

7

পাটজাত পণ্যের রপ্তানি সম্প্রসারণে দুই মন্ত্রণালয়ের যৌথ উদ্যো

8

অবরোধের মধ্যেও মালয়েশিয়া উপকূলে ইরানের তেল বাণিজ্য অব্যাহত

9

‘ফিফার পরবর্তী প্রধানকে অভিভাবকের দায়িত্ব পালন করতে হবে’

10

মেসিকে আরেকবার ফেরাতে চাইছে আর্জেন্টিনা

11

হঠাৎ সৌদি সফরে এরদোয়ান, আলোচনায় যেসব ইস্যু

12

৪৬ বছর পর তেলুগু সিনেমায় অনিল কাপুর

13

পূর্বঘোষণা ছাড়াই ভেদরগঞ্জ হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্য

14

ইনফান্তিনোর সামনে রোনালদোর এক রূপ, পেছনে আরেক রূপ!

15

ঢাকার চারপাশে নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা প্রণয়নে নির্দেশ প্

16

ইলন মাস্কের নজর ভারতের গ্রামে

17

উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টি বাড়তে পারে

18

ইসরায়েলে নেতানিয়াহুর বিরুদ্ধে রাজপথে বিক্ষোভ

19

সান্তোসকে জেতানোর পর বিতর্কে জড়ালেন নেইমার

20