ইরাকের রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের বাইরে থাকা অস্ত্রধারী সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করতে আগামী ৩০ জুন পর্যন্ত সময়সীমা নির্ধারণ করেছে দেশটির সরকার। প্রধানমন্ত্রী আলি আল-জাইদি বলেছেন, নির্ধারিত কর্মপরিকল্পনা অনুযায়ী এ প্রক্রিয়া ২০২৭ সালের ৩০ জুনের মধ্যে সম্পন্ন করা হবে।
বৃহস্পতিবার ইরাকি বার্তা সংস্থা (আইএনএ) প্রকাশিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
আলি আল-জাইদি বলেন, রাষ্ট্রের নিয়ন্ত্রণের বাইরে থাকা অস্ত্রের বিষয়টি একটি ‘সুস্পষ্ট কর্মপরিকল্পনা ও সম্মত সময়সীমার’ ভিত্তিতে সমাধান করা হবে। একই সঙ্গে যুদ্ধ ও শান্তি বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা কেবল সাংবিধানিক কর্তৃপক্ষের হাতে থাকবে—এই সাংবিধানিক নীতিও বজায় রাখা হবে।
তিনি বলেন, সরকারি কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া যেকোনো সামরিক পদক্ষেপ নিষিদ্ধ থাকবে।
ইরাকের ভূখণ্ডে সক্রিয় সব অ-ইরাকি সশস্ত্র গোষ্ঠীকে সম্পূর্ণ নিরস্ত্র করার জন্যও সরকার কাজ করবে বলে জানান প্রধানমন্ত্রী।
আলি আল-জাইদি আরও বলেন, ১ অক্টোবর ২০২৬-এর এই মহান দিনে এবং ইরাকে আন্তর্জাতিক জোটের মিশনের সমাপ্তির মতো বড় জাতীয় অর্জনের জন্য আমরা ইরাকের জনগণকে অভিনন্দন জানাই।