প্রিন্ট এর তারিখঃ Oct 9, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 9, 2026 ইং
মুসলমানদের মতো অন্য ধর্মাবলম্বীরাও আমার পরিবারের সদস্য: হুইপ অপু

জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, মুসলমানরা যেমন আমার পরিবারের সদস্য, তেমনি অন্য ধর্মাবলম্বীরাও আমার পরিবারের সদস্য। ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধার পরিবেশ বজায় রেখে সব ধর্মের মানুষকে নিজ নিজ ধর্মীয় উৎসব পালনের সুযোগ নিশ্চিত করতে হবে।
শুক্রবার (৯ অক্টোবর) ডামুড্যা উপজেলার ধানকাটি ইউনিয়নের পৈতকাটি দুর্গা মন্দির পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
হুইপ অপু বলেন, ‘আপনারা দেখেছেন রাজনৈতিক নেতৃবৃন্দ সাধারণত পূজার দিনই এলাকায় আসেন। কিন্তু এবার প্রধানমন্ত্রীর নির্দেশনা পূজা যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থাপনা নিশ্চিত করতে সকল এমপিদের তিনি আগাম যার যার এলাকায় যাওয়ার নির্দেশ দেন। সেই প্রেক্ষিতেই আমি আগাম এসেছি। পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা, দর্শনার্থীদের নির্বিঘ্নে চলাচলের ব্যবস্থা করা এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।’
পাশাপাশি স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও পূজা উদযাপন কমিটিকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানান তিনি।
হুইপ অপু আরও বলেন, ‘মুসলমানরা যেমন আমার পরিবারের সদস্য, তেমনি অন্য ধর্মাবলম্বীরাও আমার পরিবারের সদস্য।’
তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে বসবাস করে আসছেন। কোনো ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে বিভেদ বা উসকানি সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না। শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করতে স্থানীয় জনগণকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে যাতে কেউ পরিস্থিতি অস্থিতিশীল করতে না পারে, সে বিষয়েও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
মন্দির পরিদর্শনের সময় নগদ টাকা এবং চাল বিতরণ করেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। পরে তিনি উপজেলা হলরুমে উপজেলা উন্নয়ন তহবিলের আওতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার শাহ আলম সিদ্দিকীর হাতে ডেঙ্গু রোগ শনাক্তকরণের ৫০০টি কিট হস্তান্তর করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. সালাহউদ্দিন আইয়ুবী, ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শাহাদাত হোসেন, আহ্বায়ক কমিটির সদস্য জিল্লুর রহমান মধু, উজ্জল শিকদার, অ্যাডভোকেট শফিকুল ইসলাম, পৌরসভা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন মাদবরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এই ওয়েবসাইটের সকল ছবি ও ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার করা নিষেধ। উক্ত নিউজ পোর্টালটির নিবন্ধন কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।