প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 12, 2026 ইং
মুন্সীগঞ্জে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

মুন্সীগঞ্জ প্রতিনিধি:
ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মুন্সীগঞ্জে শুরু হয়েছে তিন মাসব্যাপী ‘জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’। শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেশব্যাপী এ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন। এ সময় দেশের সব জেলা প্রশাসকের কার্যালয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হয়। এরই অংশ হিসেবে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জনাব মোঃ কামরুজ্জামান, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মেনহাজুল আলম, পিপিএম, সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, উপপরিচালক স্থানীয় সরকার মিজ্ মৌসুমী মাহবুব, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফাসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, স্বেচ্ছাসেবী সংগঠক, বিএনসিসি, রেডক্রস, গার্লস গাইড, স্কাউট, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
‘নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ এবং ‘নিয়মিত প্রতিদিন জমা পানি ফেলে দিন’—এ দুই প্রতিপাদ্যকে সামনে রেখে ডেঙ্গুর ঝুঁকিপূর্ণ সময়ে বিশেষ পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহিদ মুক্তিযোদ্ধাদের নামসম্বলিত স্মৃতিফলক প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরে সেখানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। একই সঙ্গে মুন্সীগঞ্জ বাজারসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতার বিষয়ে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
এ সময় ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি প্রত্যেককে নিজ নিজ বাসাবাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়। একই সঙ্গে কোথাও পানি জমতে না দেওয়া এবং মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানানো হয়।
এই ওয়েবসাইটের সকল ছবি ও ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার করা নিষেধ। উক্ত নিউজ পোর্টালটির নিবন্ধন কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।