প্রিন্ট এর তারিখঃ Aug 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 25, 2026 ইং
এশিয়ান কাপ পর্যন্ত মেয়াদ বাড়ালেন ইরাক কোচ

ইরাক জাতীয় ফুটবল দলের সঙ্গে চুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছেন অস্ট্রেলিয়ান কোচ গ্রাহাম আর্নল্ড। ফলে আগামী বছরের এশিয়ান কাপ পর্যন্ত দলটির দায়িত্বে থাকছেন ৬৩ বছর বয়সী এই কোচ।
আর্নল্ডের ভবিষ্যৎ নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে নানা আলোচনা চলছিল। অবশেষে সোমবার ইরাকের ফুটবল অ্যাসোসিয়েশন জানায়, আরও দুটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে দলের সঙ্গে থাকবেন এই অস্ট্রেলিয়ান কোচ।
আগামী মাসে সৌদি আরবে অনুষ্ঠিত হবে গালফ কাপ। এরপর আগামী বছরের শুরুতে একই দেশেই বসবে এশিয়ান কাপের আসর। নতুন কোচ নিয়োগের পথে না গিয়ে এই দুই প্রতিযোগিতার জন্য আর্নল্ডের ওপরই আস্থা রাখল ইরাক।
আর্নল্ডের অধীনে দীর্ঘ ৪০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেয় ইরাক। তবে উত্তর আমেরিকায় অনুষ্ঠিত বিশ্বকাপে প্রত্যাশা পূরণ করতে পারেনি দলটি। ‘আই’ গ্রুপে ফ্রান্স, নরওয়ে ও সেনেগালের বিপক্ষে তিন ম্যাচেই হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় তারা।
বিশ্বকাপের হতাশাজনক ফলের পরও আর্নল্ডকে আরও সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরাক। এবার গালফ কাপ ও এশিয়ান কাপে দলকে সাফল্য এনে দেওয়াই হবে অস্ট্রেলিয়ান কোচের সামনে বড় চ্যালেঞ্জ।
এই ওয়েবসাইটের সকল ছবি ও ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার করা নিষেধ। উক্ত নিউজ পোর্টালটির নিবন্ধন কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।