প্রিন্ট এর তারিখঃ Aug 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 20, 2026 ইং
ফিফা সভাপতির ওপর আস্থা হারিয়ে এবার পদত্যাগ করলেন শান্দোর চ্যানি

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ওপর থেকে সমর্থন সরিয়ে নিলেন সংস্থাটির আরেক ভাইস প্রেসিডেন্ট। হাঙ্গেরিয়ান ফুটবল ফেডারেশনের প্রধান শান্দোর চ্যানি এক চিঠিতে ইনফান্তিনোর নেতৃত্ব, পেশাগত সিদ্ধান্ত এবং নৈতিক মান নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন।
ইনফান্তিনোর কাছে পাঠানো চিঠিতে চ্যানি জানিয়েছেন, ফিফা সভাপতির প্রতি আগে যে আস্থা ছিল, তা তিনি হারিয়েছেন। ফিফার প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) কেভিন লামুরকে আকস্মিকভাবে বরখাস্ত করাকে তিনি নিজের সিদ্ধান্ত পরিবর্তনের ‘শেষ ধাক্কা’ হিসেবে উল্লেখ করেছেন।
লামুরকে গত সোমবার ফিফা থেকে বরখাস্ত করা হয়। এর আগে বিশ্বকাপের স্বত্ব ও প্রতিযোগিতাগুলো বেসরকারি বিনিয়োগকারীদের কাছে দেওয়ার পরিকল্পনা নিয়ে ইনফান্তিনোর সমালোচনা করেছিলেন তিনি।
চ্যানির এই অবস্থানের মধ্য দিয়ে ইনফান্তিনোর বিরুদ্ধে ফিফার শীর্ষ পর্যায়ে বিরোধ আরও স্পষ্ট হয়ে উঠেছে। ফিফার আট ভাইস প্রেসিডেন্টের মধ্যে চ্যানিসহ পাঁচজন এখন ইনফান্তিনোর সরে দাঁড়ানোর পক্ষে অবস্থান নিয়েছেন।
এর আগে উয়েফা সভাপতি আলেকসান্ডার সেফেরিন, কনকাকাফের প্রধান ভিক্টর মন্টাগ্লিয়ানি, এএফসির সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা এবং ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) চেয়ার ডেবি হিউইট ইনফান্তিনোর বিরুদ্ধে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন।
অন্যদিকে দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশন কনমেবলের সভাপতি আলেহান্দ্রো দোমিনগেজ, আফ্রিকান ফুটবল কনফেডারেশনের (সিএএফ) সভাপতি প্যাট্রিস মোটসেপে এবং ওশেনিয়া অঞ্চলের ল্যামবার্ট মালটক এখনও ইনফান্তিনোর পাশে রয়েছেন।
ফিফা কাউন্সিলের ৩৭ সদস্যের একজন চ্যানি। তবে তার অভিযোগ, ইনফান্তিনো তাকে বারবার উপেক্ষা করেছেন।
চিঠিতে চ্যানি লিখেছেন, ফিফাকে সফল ও কার্যকরভাবে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা ইনফান্তিনোর প্রতি তার যে বিশ্বাস ছিল, তা বিভিন্ন ঘটনায় দুর্বল হয়েছে। বিশেষ করে কেভিন লামুরকে বরখাস্তের ঘটনাটি তার আস্থার শেষ অবলম্বনটুকুও নষ্ট করেছে।
এ ছাড়া চলতি বছরের বিশ্বকাপে ইনফান্তিনোর নেওয়া বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্তের কথাও উল্লেখ করেছেন চ্যানি। ফিফার বিভিন্ন প্রতিযোগিতা বাইরের পক্ষের কাছে পরিচালনার দায়িত্ব দেওয়ার পরিকল্পনা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
ফলে ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে ফিফার অভ্যন্তরে তৈরি হওয়া বিরোধ এখন আরও প্রকাশ্য রূপ নিয়েছে।
এই ওয়েবসাইটের সকল ছবি ও ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার করা নিষেধ। উক্ত নিউজ পোর্টালটির নিবন্ধন কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।